লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানান।
কাৎজ বলেন, 'আমরা অভিযান চালিয়ে যেতে প্রস্তুত। হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার পাশাপাশি নতুন নতুন এলাকাতেও আঘাত হানতে আমরা প্রস্তুত।'
তিনি উল্লেখ করেন, দক্ষিণ লেবাননের আলী আল-তাহের রিজ এলাকায় হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক থেকে যোদ্ধাদের সরিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। এর পরদিনই নতুন করে অভিযান চালানোর প্রস্তুতির কথা জানান কাৎজ।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর সুড়ঙ্গ নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করেছে এবং সেখানে অভিযান আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছে।
এই পরিস্থিতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।