লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এটি দক্ষিণ লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের একটি বড় অগ্রগতি বলে উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের ভেতরে লিতানি নদী পেরিয়ে সামরিক অভিযান চালাচ্ছে। ২৬ বছরের বেশি সময় ধরে দেশটির এতটা ভেতরে ইসরায়েলি বাহিনী কখনোই অনুপ্রবেশ করেনি।
বিউফোর্ট দুর্গের কাছাকাছি গ্রামে কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছে, যেখানে বিমান হামলাও চালানো হয়েছে। আইডিএফ দক্ষিণ লেবাননের আরও বড় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করেছে।
সাম্প্রতিক সময়ে এটি দ্বিতীয়বারের মতো লেবাননের বাসিন্দাদের জাহরানি নদীর নিচের পুরো দক্ষিণ লেবনন ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
২ মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে ৩,৪০০। আহত হয়েছেন ১০,০০০-এর বেশি। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর ২৫ জন সদস্য নিহত হয়েছে।