লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের পরিবারের সদস্যদের গ্রেফতারের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলি মন্ত্রী বেন গভির। মঙ্গলবার (৯ জুন) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বেন গভির বলেন, হিজবুল্লাহ যোদ্ধাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করলে সংগঠনটির ওপর চাপ সৃষ্টি হবে। তিনি রাজনৈতিক-নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, 'হিজবুল্লাহকে নিয়ে আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে।' গভিরের মতে, শুধুমাত্র সামরিক অভিযান নয়, বরং যোদ্ধাদের পরিবার, বিশেষ করে নারী ও তরুণদের গ্রেফতার করলে সংগঠনটির ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে।
বৈঠকে অন্যান্য মন্ত্রীরাও লেবানন সীমান্তে সামরিক অভিযান বাড়ানোর পক্ষে মত দেন। প্রতিরক্ষা বাজেট ও অস্ত্র ক্রয়ের বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানানো হয়। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের প্রতি প্রতিরক্ষা খাতে আরও অর্থ বরাদ্দের দাবি ওঠে।
মন্ত্রী ইতজাক ওয়াসারলাফ বলেন, লেবাননে 'দাঁত ভাঙা জবাব' দেওয়া প্রয়োজন। তিনি সেনাবাহিনীর জন্য আরও বিপুল অস্ত্র সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও এ অবস্থানকে সমর্থন করে বলেন, সেনাবাহিনীর সরঞ্জাম ও সক্ষমতা বাড়াতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া জরুরি।
এই মন্তব্যগুলো যুদ্ধবিরতির আন্তর্জাতিক চাপের মধ্যে সামনে আসে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি নেতৃত্বের মধ্যে আলোচনার পর উত্তর সীমান্তে সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে মন্ত্রিসভার ভেতরের বক্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে দেশটির সরকারের একাংশ লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করার পক্ষে অবস্থান নিচ্ছেন।