দক্ষিণ লেবাননে লেবানিজ সশস্ত্র গোষ্ঠীর একটি বিশাল ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক এবং সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই অভিযান চালানো হয়।
প্রায় ১১০০ কেজি শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে পাহাড়ের নিচে গড়ে তোলা এই জটিল স্থাপনাটি ধ্বংস করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে দক্ষিণ লেবানন ও সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূকম্পন সৃষ্টি হয়।
তেল আবিব কর্তৃপক্ষ ধ্বংসযজ্ঞের সত্যতা নিশ্চিত করে ড্রোন ও এরিয়াল ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোটি 'আলী আল তাহের' পাহাড়ি রিজলাইনে অবস্থিত ছিল, যা ইসরায়েল সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে।
এই ভূগর্ভস্থ নেটওয়ার্কের ভেতরে প্রধান আঞ্চলিক কমান্ড সেন্টার ছাড়াও বিপুল পরিমাণ রকেট, দূরপাল্লার মিসাইল, অ্যাটাক ড্রোন এবং ভারী বিস্ফোরক মজুত রাখা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।