দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময় আরও ১ হাজার ০৫২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ৮৫ হাজার ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।