সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

শাকিব খান পেলেন ৭০ লাখ টাকার বিলাসী রোলেক্স ঘড়ি

শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে ৭০ লাখ টাকার বিলাসবহুল রোলেক্স ঘড়ি।

শাকিব খান পেলেন ৭০ লাখ টাকার বিলাসী রোলেক্স ঘড়ি

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। ঘড়িটির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি।

চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জন’-এ চমক হিসেবে শাকিবের হাতে তুলে দেওয়া হয় রোলেক্সের জনপ্রিয় মডেল ‘জিএমটি-মাস্টার টু রুট বিয়ার’। অনুষ্ঠানের উপস্থাপক চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থিতিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ঘড়িটি পরিয়ে দেন।

উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান বলেন, ‘এটি সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব। জীবনে অনেক উপহার পেয়েছি, তবে টাকার অঙ্কের দিক থেকে এটি অন্যতম বড়।’ তিনি আরো জানান, কিছুদিন আগে একটি রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছার কথা শেয়ার করেছিলেন।

রোলেক্সের এই মডেলটি ১৮ ক্যারেট এভারোজ গোল্ড দিয়ে তৈরি। ঘড়িটির বডি ও ব্রেসলেট উভয়ই রোলেক্সের নিজস্ব গোল্ড অ্যালয় দিয়ে নির্মিত, যা দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও টেকসই বৈশিষ্ট্যের জন্য পরিচিত।

‘রুট বিয়ার’ মডেলের কালো ও চকোলেট ব্রাউন রঙের দ্বি-রঙা সিরামিক বেজেল এর বিশেষ আকর্ষণ। এতে রয়েছে জিএমটি প্রযুক্তি, যা একাধিক টাইম জোনের সময় দেখার সুবিধা দেয়।

আন্তর্জাতিক বাজারে ঘড়িটির নতুন অবস্থায় অফিশিয়াল রিটেইল মূল্য প্রায় ৫৩ হাজার ১০০ মার্কিন ডলার। শাকিব খান জানিয়েছেন, এই বিশেষ উপহার তিনি তার ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষণ করবেন।

এর আগে একই অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সোনার কলস উপহার দেওয়া হয়েছিল। এবার শাকিব খানের বিলাসবহুল রোলেক্স ঘড়ি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘চাঁদ তারার গুঞ্জন’-এর বিশেষ এই পর্বটি শিগগিরই প্রচারিত হবে।

বিজ্ঞাপন