সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বন বিভাগের বেতারচালকসহ তিনজন অপহরণের পর মুক্তি পেলেন

বন বিভাগের বেতারচালক ফরিদুল ইসলামসহ তিনজন অপহরণের পর মুক্তি পেয়েছেন।

বন বিভাগের বেতারচালকসহ তিনজন অপহরণের পর মুক্তি পেলেন

পূর্ব সুন্দরবনে অপহরণের তিন দিন পর বন বিভাগের বেতারচালক ফরিদুল ইসলামসহ তিনজন মুক্তি পেয়েছেন। শুক্রবার সকালে তারা নিরাপদে ফিরে আসেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বন বিভাগ সূত্রে জানা যায়, ফরিদুল ইসলাম গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাথরঘাটার পদ্মা স্লুইস এলাকা থেকে দুবলা অফিসের উদ্দেশে একটি ট্রলারে রওনা হন।

ট্রলারটির চালক ছিলেন তোফাজ্জেল সরদার এবং তার সহকারী ছিলেন মো. আলকাস। সেদিন বিকেল ৫টার দিকে ট্রলারটি কালামিয়া এলাকা অতিক্রম করার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা হামলা চালায় এবং ফরিদুল ইসলাম, তোফাজ্জেল সরদার ও মো. আলকাসকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পর শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. খলিলুর রহমান বৃহস্পতিবার বিকেলে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডিএফও মো. রেজাউল করীম চৌধুরী জানান, নিখোঁজদের উদ্ধারে বন বিভাগ তিন দিন ধরে ড্রোনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

শুক্রবার ভোর রাতে দস্যুরা ফরিদুল ইসলামসহ তিনজনকে আমবাড়িয়া এলাকায় চোখ বেঁধে ছেড়ে দেয়। পরে তারা নিরাপদে দুবলা অফিসে ফিরে আসেন। তিনি আরও জানান, বন বিভাগের কর্মী পরিচয় নিশ্চিত হওয়ার পর দস্যুরা তাদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ দাবি করেনি।

বিজ্ঞাপন