শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারে তিন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পর্যটকদের সাথে মতবিনিময়।

কক্সবাজারে তিন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে আকস্মিক পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী। এই প্রতিমন্ত্রীরা হলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার (১২ জুন) বিকেলে তারা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। সমুদ্র সৈকতের কলাতলী থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট হয়ে লাবণী পয়েন্ট পর্যন্ত দীর্ঘ এলাকায় তারা হাজার হাজার পর্যটকের সাথে পায়ে হেঁটে মতবিনিময় করেন।

এ সময় প্রতিমন্ত্রীগণ পর্যটকদের কাছে তাদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান। নারী ও শিশু, বয়স্ক পর্যটকসহ বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের নিরাপত্তা, বিচের পরিচ্ছন্নতা, টুরিস্ট পুলিশের ভূমিকা, পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতা সহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করেন।

পর্যটকরা তাদের অনুভূতির কথা ব্যক্ত করে বিচ ম্যানেজমেন্ট ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা প্রতিমন্ত্রীদের কাছে সমুদ্র সৈকতের বর্তমান ব্যবস্থাপনা অব্যাহত রেখে আরও আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বান জানান।

উত্তরে, পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে কক্সবাজারকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশের অন্যান্য সকল পর্যটন কেন্দ্রগুলোতে অত্যাধুনিক হোটেল-মোটেল স্থাপনা সহ পর্যটকবান্ধব পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে পর্যটন মন্ত্রণালয়ের পরিচালক, টুরিস্ট পুলিশের এসপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন