গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাপলা বেগম (৩০) নামের এক যাত্রী।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরঘর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস মিয়া সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দূর্গাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। আহত শাপলা বেগম একই গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে কয়েকজন যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। পথে বুড়িরঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘অরিন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌস মিয়া নিহত হন এবং শাপলা বেগম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান, পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।