বরগুনার জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার ৭ দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে মামলাটি দায়ের করেন নিহত ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ৩ জুন বিকেলে বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি আলাদা কক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মী ইতি রানী ও তাঁর দুই মেয়ে আরাধা বিশ্বাস এবং অনুরাধা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, ডাকবাংলোতে যাতায়াতকারীরা অথবা ইতি রানীর সহকর্মীদের মধ্যে কেউ অজ্ঞাত কারণে তাঁর দুই কন্যা ও স্ত্রীকে হত্যা করে কক্ষের দরজা আটকে রেখে জানালা দিয়ে পালিয়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা ছিল, সন্তানদের হত্যার পর ওই নারী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানানো হয়েছে।