নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে ভাত দিতে দেরি হওয়ায় মাকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে চল্লিশা ইউনিয়ন পরিষদসংলগ্ন মগরা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী আবুনি রাজভর (৫০) সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাসিন্দা শ্যামলাল রাজভরের স্ত্রী। স্থানীয়রা জানান, আবুনি রাজভর তার পরিবারের সঙ্গে ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে একটি টিনশেড ঘরে বসবাস করতেন।
ঘটনার দিন দুপুরে শ্যামল তার মায়ের কাছে ভাত খেতে চায়। এ সময় আবুনি রাজভর তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মাকে গালিগালাজ করতে শুরু করেন। একপর্যায়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন।
গুরুতর আহত আবুনি এই অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী অভিযুক্ত শ্যামলকে আটক করে পুলিশে খবর দেয়।
নেত্রকোণা থানার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত শ্যামল রাজভরকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।