নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের কালামিয়ারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবক ফারুক হোসেন শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফুটেজে দেখা যায়, ফারুক স্থানীয় একটি চায়ের দোকানের সামনে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে চার থেকে পাঁচজন যুবক সেখানে পৌঁছান। তারা অস্ত্র হাতে এসে ফারুককে মারধর করতে করতে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন।
ফারুক তাদের সঙ্গে ধস্তাধস্তি করে অটোরিকশা থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে গুলিবিদ্ধ ফারুককে সড়কে ফেলে রেখে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিডিওতে ফারুককে সড়কে কাতরাতে দেখা যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুক তলপেট ও হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হলে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কয়েকজনকে শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।