ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার আটকের পর হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নিমসার এলাকার কলেজ গেইটের কাছে উল্টোপথে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাচ্ছিল।
হাইওয়ে পুলিশের একটি দল ইজিবাইকটি থামিয়ে চালককে আটক করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।
এ সময় হাইওয়ে পুলিশের তিনজন সদস্য এবং একজন ইজিবাইক চালক আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার পর স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।