ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) বিক্ষোভ করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে তারা এই বিক্ষোভের ডাক দেয়।
শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরেন সিজেপি প্রধান অভিজিৎ দ্বীপ। দিল্লি পৌঁছানোর পর পুলিশ বিক্ষোভ আয়োজনের অনুমতি দেয়। সিজেপির এই আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো রাস্তায় নেমেছে।
বিক্ষোভের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বাসভবনের বাইরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, বিমানবন্দর, রেলস্টেশন এবং আন্তঃরাজ্য বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।
ককরোচ জনতা পার্টির উত্থান একটি ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন থেকে শুরু হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের মন্তব্যের প্রেক্ষিতে এই আন্দোলনের সূচনা হয়, যেখানে তিনি ভুয়া আইন ডিগ্রিধারী যুবকদের ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন।
এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় এবং তা দ্রুত একটি বিশাল অনলাইন কমিউনিটিতে রূপ নেয়। সিজেপির দাবি, তাদের লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, যার মধ্যে ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ২ কোটি ২২ লাখের বেশি।