শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে যুদ্ধ আতঙ্কে

জার্মানিতে যুদ্ধ আতঙ্কের কারণে ব্যক্তিগত বাঙ্কারের চাহিদা বাড়ছে।

জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে যুদ্ধ আতঙ্কে

যুদ্ধ, সংঘাত ও রাজনৈতিক সংকটের কারণে জার্মানিতে বাড়ছে ব্যক্তিগত বাঙ্কারের চাহিদা। বোমা হামলা, সশস্ত্র সংঘাত কিংবা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় হিসেবে আবাসিক স্থাপনার নিচে তৈরি করা হচ্ছে এসব বাঙ্কার।

নির্মাতাদের দাবি, আধুনিক ফিল্টার ও সুরক্ষা ব্যবস্থাসম্পন্ন এসব বাঙ্কার জৈব, রাসায়নিক এমনকি তেজস্ক্রিয় দূষণ থেকেও সুরক্ষা দিতে সক্ষম। তবে নিরাপত্তা নিশ্চিত করতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ।

এগুলো দেখতে সাধারণ বাড়ির একটি কক্ষের মতো হলেও যুদ্ধ কিংবা দুর্যোগের সময় টিকে থাকার সব ব্যবস্থা রয়েছে। ভূগর্ভে নির্মিত এসব ব্যক্তিগত বাঙ্কারের চাহিদা এখন জার্মানিতে নজিরবিহীনভাবে বাড়ছে।

বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা যত বাড়ছে, ততই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছেন সাধারণ মানুষ। এই উদ্বেগই নতুন গতি এনে দিয়েছে জার্মানির বাঙ্কার নির্মাণ শিল্পে।

বাঙ্কার নির্মাতা পিটার আউর্নহ্যামার বলেন, গ্রাহকদের তালিকায় কৃষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, এমনকি ছোট সন্তান রয়েছে এমন পরিবারও রয়েছে। ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা ব্যক্তিগত আশ্রয়কেন্দ্রের দিকে ঝুঁকছেন।

আউর্নহ্যামার আরও জানান, আশ্রয়কেন্দ্র নির্মাণ নিয়ে মানুষের আগ্রহ ক্রমাগত বাড়ছে। রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, আর মানুষও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে উঠছে।

এসব বাঙ্কারে দীর্ঘমেয়াদি খাদ্য ও পানির মজুত রাখা যায়, রয়েছে বাঙ্ক বেড, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং বিদ্যুৎ ছাড়াই চালানো সম্ভব এমন বিশেষ বায়ুচলাচল প্রযুক্তি। তবে নতুন বাড়ির সঙ্গে বাঙ্কার নির্মাণে খরচ শুরু হয় প্রায় ৩৫ হাজার ইউরো থেকে, আর পুরোনো ভবনের সঙ্গে যুক্ত করতে গেলে ব্যয় ১ লাখ ইউরোরও বেশি হতে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে জননিরাপত্তা ও আশ্রয়কেন্দ্র অবকাঠামো নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতও মানুষের উদ্বেগ বাড়িয়েছে।

বিজ্ঞাপন