মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার তারা এ দাবি জানায়, যা বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক পোস্টে বলেন, সৌদি আরব মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। একই সময়ে, তারা পূর্বাঞ্চলেও একটি ড্রোন প্রতিহত করার খবর দিয়েছে।
অন্যদিকে, হুতি আনসার আল্লাহ আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সৌদি ভূখণ্ডে এ ধরনের কোনো হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, মদিনার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ মিথ্যা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইয়াহইয়া সারি লিখেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে, তারা আজ সৌদি আরবের ভূখণ্ডে কোনো অভিযান পরিচালনা করেনি। মদিনায় হামলার দাবি একটি নির্লজ্জ এবং মিথ্যা অপপ্রচার।
তিনি আরও দাবি করেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
বৃহস্পতিবার গভীর রাতে সারি আরও জানান, সাদা প্রদেশের আকাশসীমায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি টাইফুন যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে। তিনি বলেন, বিমানটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এটি ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে।