পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়ার ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেসকিউ ১১২২-এর আঞ্চলিক পরিচালক আরিফ খাত্তাক জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী শিক্ষকও রয়েছেন।
তিনি জানান, ভবনটি ধসে পড়ার পর প্রাথমিকভাবে ১৬টি মরদেহ শনাক্ত করা হয়েছিল। পরে চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে ২৯টি মরদেহ উদ্ধার করা হয়।
আরিফ খাত্তাক বলেন, প্রথমে জানানো হয়েছিল যে ভবনটি ধসে পড়েছে, তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর জানা যায়, এটি তিনতলা একটি অস্থায়ী কাঠামো ছিল।
এদিকে, এই ঘটনার পর ৪৫ জন গুরুতর আহত হয়েছেন, যাদের প্রদেশের বড় হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।
পেশোয়ারের কর্তৃপক্ষ দুপুরের দিকে জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলেও ধ্বংসস্তূপ এখনও পড়ে আছে। পুলিশ স্কুলটির মালিককে গ্রেপ্তার করেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে জানিয়েছেন, এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে পুরো জাতি স্তম্ভিত। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।