যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় উইসকানসিনের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ম্যাডিসন শহরের ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু রয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
উড়োজাহাজটি আনুমানিক ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ার সময় ডানায় বরফ জমতে শুরু করে। পাইলট কন্ট্রোল রুমকে জানিয়ে নিচে নামার অনুমতি চান। অনুমতি পাওয়ার পর উড়োজাহাজটি ডানদিকে ঘুরে দ্রুত নিচে নামতে থাকে।
একপর্যায়ে কন্ট্রোল রুমের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানায়, ফিক্সড উইং পাইপার পিএ-৪৬ মডেলের বিমানটি দুর্ঘটনার আগে কাছের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল। তদন্তকারীরা ওই কথোপকথন এবং দুর্ঘটনায় আবহাওয়ার ভূমিকা খতিয়ে দেখছেন শেরিফ দফতর ও ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) এর সহযোগিতায়।
তবে এ ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষতি বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।