শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
ধর্ম

বিশ্ব পরিবেশ দিবসে ‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্পের সূচনা

বিশ্ব পরিবেশ দিবসে ‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্পের সূচনা করেছে বেঙ্গল পিস ফাউন্ডেশন।

বিশ্ব পরিবেশ দিবসে ‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্পের সূচনা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাতজনিত ঝুঁকি হ্রাসে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বেঙ্গল পিস ফাউন্ডেশন। সংগঠনটি সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৫৫টি তাল ও সুপারি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্পের যাত্রা শুরু করে।

বেঙ্গল পিস ফাউন্ডেশন কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীন বাংলাদেশের ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রতীকীভাবে ৫৫টি চারা রোপণ করা হয়েছে। আয়োজকদের মতে, এটি শুধুমাত্র বৃক্ষরোপণ কর্মসূচি নয়; বরং এটি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলার একটি দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনের সূচনা।

প্রতিবছর বাংলাদেশে বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে, বিশেষ করে হাওর ও খোলা মাঠপ্রধান অঞ্চলে। গবেষণায় দেখা গেছে, তালগাছসহ উঁচু বৃক্ষ বজ্রপাতের শক্তি ধারণ করে প্রাকৃতিক সুরক্ষা বলয় তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কার্বন নিঃসরণ কমাতেও কার্যকর ভূমিকা পালন করে।

‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় বর্ষা মৌসুমের পর সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ৫ হাজার তাল, নারিকেল ও সুপারি গাছ রোপণ করা হবে। স্থানীয় জনগণ, তরুণ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি বলেন, “বিশ্ব পরিবেশ দিবসে আমরা শুধু গাছ লাগাচ্ছি না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার ভিত্তি স্থাপন করছি। ‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে আমরা পরিবেশ সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলাকে একসঙ্গে যুক্ত করেছি।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৫ বছরে ৫৫টি চারা রোপণ আমাদের প্রতীকী অঙ্গীকার। আগামী দিনে এই সংখ্যা হাজারে পৌঁছাবে। আমরা চাই দেশের প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় সবুজ সুরক্ষা বলয় গড়ে উঠুক, যাতে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের জীবনও সুরক্ষিত থাকে।”

বিজ্ঞাপন