কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ১০৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা ধারণা করছেন, এতে প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ভূরুঙ্গামারী উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব স্টেশন না থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ফুলবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কাপড় পট্টির প্রায় সব দোকানই আগুনে পুড়ে গেছে। কসমেটিকস, ফলের দোকান, লাইব্রেরিসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাপড় দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি আখতারুজ্জামান বলেন, কাপড় পট্টিতে মোট ৭৫টি দোকান ছিল, প্রতিটি দোকানই আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।
তিনি আরও জানান, প্রতিটি ব্যবসায়ীর দোকানে আনুমানিক ৫ থেকে ১০ লাখ টাকার মালামাল ছিল। মোট ১০৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।