শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতার টালিউডে সহিংসতা: ডিম-পাথর নিক্ষেপে আহত বহু ব্যক্তি

কলকাতার টালিউডে সংগঠন নিয়ে দ্বন্দ্বের জেরে সহিংসতার ঘটনায় আহত হয়েছেন অনেকেই।

কলকাতার টালিউডে সহিংসতা: ডিম-পাথর নিক্ষেপে আহত বহু ব্যক্তি

পশ্চিমবঙ্গের টালিউডে গত বৃহস্পতিবার (৪ জুন) সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে গিল্ডের মধ্যে দ্বন্দ্বের জেরে ডিম, পাথর ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টেকনিশিয়ান স্টুডিও ও টালিগঞ্জ এলাকায় এই সহিংসতা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রিজেন্ট পার্ক থানার পুলিশ মোতায়েন করা হয়।

গত ৩ জুন টেকনিশিয়ান স্টুডিওতে অনুষ্ঠিত বৈঠকে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী জানান, টালিউড ফেডারেশন নামে আলাদা কোনো সংগঠন থাকবে না এবং দিল্লি থেকে কো-ফেডারেশনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।

বৈঠকের পর ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান ও সহ-সম্পাদক নিরুপম দে বাবাইকে পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে ফেডারেশন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

এক পক্ষ মহম্মদ হাসান ও নিরুপম দে বাবাইয়ের সমর্থনে অবস্থান নেয়, অন্য পক্ষ তাদের অপসারণের দাবি জানায়। পাপিয়া অধিকারী জানান, সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এবং তাদের সরিয়ে দেওয়া হলে ইন্ডাস্ট্রির পরিবেশ উন্নত হবে।

এদিকে, টালিগঞ্জের মাঠে ২৬টি গিল্ডের প্রায় দুই হাজার সদস্য জড়ো হন এবং কো-ফেডারেশনের নতুন কাঠামোতে কয়েকজন সদস্যকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী ও পাপিয়া অধিকারীর সঙ্গে কথা বলার দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে ডিম, পাথর ও ইট নিক্ষেপ করা হয়, যার ফলে আহত হন অনেকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন