শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে বসছে এআই ক্যামেরা, ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন

চট্টগ্রামের সড়কে বসছে এআই ক্যামেরা, ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে পরিবর্তন।

চট্টগ্রামে বসছে এআই ক্যামেরা, ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন

রাজধানীর পর এবার চট্টগ্রামের সড়কে বসছে এআই ক্যামেরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও জংশনগুলোতে সম্ভাব্যতা সমীক্ষা যাচাইয়ের কাজ শুরু করেছে।

বিশেষজ্ঞদের মতে, ক্যামেরা বসানোর পাশাপাশি সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর তাগিদ রয়েছে। বন্দর নগরীতে দীর্ঘদিন ধরে মোড়ে মোড়ে সিগন্যাল বাতিগুলো অকেজো পড়ে আছে, ফলে হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়।

এছাড়া, নিয়ম না মেনে পার্কিং, রাস্তা পারাপার এবং যাত্রী উঠানামা সমস্যার সৃষ্টি করেছে, যা শহরে যানজটের অন্যতম কারণ। প্রতিদিন কর্মঘণ্টার একটি বড় অংশ সড়কে আটকে নষ্ট হচ্ছে নগরবাসীর।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছে। ঢাকায় এআই ক্যামেরা ব্যবহারে যানবাহনের চাপ বিশ্লেষণ, সিগন্যাল নিয়ন্ত্রণ এবং আইন লঙ্ঘন শনাক্তকরণে সফলতা পাওয়ার পর চট্টগ্রামে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পুলিশ।

সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানান, বিষয়টি এখন সমীক্ষা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। সার্ভে করে একটি রেজাল্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, শুধু ক্যামেরা স্থাপন করলেই সমস্যার সমাধান হবে না। সমন্বিত ট্রাফিক পরিকল্পনা ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নও জরুরি। নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, "যদি কোন গতি, কোন লেনে গাড়ি চলবে, এটা নির্ধারণ করতে না পারি; পথচারী কোন লেনে যাবে– এগুলো ঠিক করতে না পারলে আধুনিক প্রযুক্তির ফলাফল পাব না।"

পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট কমার পাশাপাশি ট্রাফিক আইন প্রয়োগেও গতি আসবে, যা নগরবাসীর দৈনন্দিন যাতায়াতকে আরও স্বস্তিদায়ক করবে।

বিজ্ঞাপন