ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর চাঁদাবাজি, হুমকি, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঘোষিত ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার এবং মূল অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলীর সঙ্গে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এবং নিরাপত্তার বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে।
সিএমপি কমিশনার প্রতিনিধিদলকে জানান, ডিজিটাল ডট নেট এর কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার প্রধান আসামি মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ বাকি পলাতকদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া, ভুক্তভোগী প্রতিষ্ঠান ডিডিএন-এর কার্যালয়ে সার্বক্ষণিক পুলিশ প্রহরা বসানো হয়েছে এবং চট্টগ্রামের সকল আইএসপি অফিসের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোকে এ সংক্রান্ত অভিযোগ গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
আইএসপিএবি, চট্টগ্রাম বিভাগ তাদের ঘোষিত ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করলেও পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। সংগঠনের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স এক প্রেস রিলিজে জানিয়েছেন, মূল আসামি ডেভিড ইমনকে দ্রুত গ্রেফতারের দাবি তাদের অব্যাহত থাকবে এবং প্রশাসনের কার্যক্রমের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।