ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান একটি সাংস্কৃতিক বিনিময় বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছেন। শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, বাংলাদেশ ও তুরস্ক শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একসাথে কাজ করবে। তিনি বলেন, মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে।
ড. খলিলুর রহমান আরও জানান, বাংলাদেশ তুরস্ককে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। তিনি শিক্ষা ও প্রযুক্তিখাতে তুরস্কের সহযোগিতা চাওয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির কার্যকর ভূমিকার আহ্বান জানান।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বাংলাদেশ জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমান এবং বাংলাদেশকে অভিনন্দন জানান।
ফিদান জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তুরস্ক ২ বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চান। তুরস্ক রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।