বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করতে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকায় পৌঁছান।
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সফরের অংশ হিসেবে, হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করারও কথা রয়েছে তার। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
২০২০ সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশের জন্য তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি কোনো গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। সফরের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।