শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে।

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (৫ জুন) ভোররাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫৮/৫ এর নিকটবর্তী ভারতের প্রধানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ওই ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিলেন।

বিজিবি জানিয়েছে, ভোরের দিকে ভারতীয় সীমান্তের কাঁটাতারের গেট খুলে দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবির একটি টহলদল তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা তাদের নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে চলে যায়। বর্তমানে তারা শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে ভারতীয় অংশে অবস্থান করছেন।

সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও বিএসএফের টহলদল সতর্ক অবস্থানে রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।

এছাড়া, পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় সম্ভাব্য অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি টহল জোরদার করেছে। স্থানীয় জনগণকে সচেতন করতে উঠান বৈঠক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, "বিজিবির বাধার কারণে পুশইনের চেষ্টা করা ১০ ব্যক্তি ভারতের শূন্যরেখায় অবস্থান করছে। সীমান্তে অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে আমাদের টহল কার্যক্রম জোরদার রয়েছে।"

বিজ্ঞাপন