শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর নারায়ন সরকারের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে ৭ দিন নিখোঁজ থাকার পর নারায়ন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর নারায়ন সরকারের মরদেহ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকায় নিখোঁজ হওয়ার সাত দিন পর নারায়ন সরকার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ন সরকার গত বৃহস্পতিবার (২৮ মে) রাতে তার দুই বন্ধুর সঙ্গে বরশি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আড়িয়াল বিলে যান। রাত শেষে তার দুই বন্ধু বাড়িতে ফিরে এলেও নারায়ন সরকার আর বাড়ি ফেরেননি।

পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে নবাবগঞ্জ থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে একটি মামলা দায়ের করেন।

ঘটনার তদন্তে পুলিশ সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে স্থানীয় লোকজন একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরদেহটি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। নবাবগঞ্জ থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন