ঈদের আনন্দ ভাগাভাগি শেষে পরিবার নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা দীর্ঘ সারির সৃষ্টি হয়নি, ফলে যাত্রীরা নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পারছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, আজ থেকে সরকারি অফিস খোলার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৩৯২টি যানবাহন সেতু পারাপার করেছে।
তিনি আরো বলেন, এই সময়ে টোল আদায় হয়েছে দুই কোটি সাত লাখ ৮২ হাজার টাকা। যানবাহনের চাপ থাকলেও যাত্রীরা ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরতে পারছেন।