প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার না ফেরার দেশে পাড়ি জমালেন। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়, কামরুদ্দীন আবসার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২০১১ সালে তিনি স্ট্রোক করেন এবং এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
১৪ মে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
শিল্পীকে শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার (১ জুন) সকালে কামরুদ্দীন আবসারের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হবে। শ্রদ্ধা নিবেদন পর্ব সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কামরুদ্দীন আবসারের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী কবি ফেরদৌসী বেগম এবং এক সন্তান রেখে গেছেন।
কামরুদ্দীন আবসারের আকস্মিক প্রয়াণে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।