রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সুন্দরবনে ৩ মাস প্রবেশ নিষিদ্ধ, ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর

সুন্দরবনে ৩ মাস প্রবেশ নিষিদ্ধ, ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

সুন্দরবনে ৩ মাস প্রবেশ নিষিদ্ধ, ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এই নিষেধাজ্ঞা ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী-খালে মাছ ডিম ছাড়ে এবং বন্যপ্রাণীদের প্রজনন ঘটে। তাই প্রতিবছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্নে রাখা যায়।

নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পাস-পারমিট ইস্যু করা হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বন কর্মকর্তারা উল্লেখ করেন, পর্যটক ও বনজীবীদের নৌযান চলাচলের কারণে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ ও প্রজনন ব্যাহত হয়। তিন মাস বনকে নিরবচ্ছিন্ন পরিবেশ দেওয়া গেলে মাছ, গাছপালা ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য আরও সমৃদ্ধ হবে।

তবে, এ নিষেধাজ্ঞায় সুন্দরবননির্ভর হাজারো জেলে, বাওয়ালি ও মৌয়ালী পরিবার আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বনজীবীদের জন্য সরকারি সহায়তার বিষয়ে বন বিভাগ ও মৎস্য বিভাগ কাজ করছে বলে সূত্র জানায়।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে। এ সময়ের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞাপন