শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, "আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, এটা আমাদের প্রত্যাশা।"
আইনমন্ত্রী রোববার (৩১ মে) সকালে জেলা পরিষদের আয়োজনে শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও জানান, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। "তারা আমাদেরকে জানিয়েছেন, তারা পরে সিদ্ধান্ত জানাবে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি," বলেন তিনি।
মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, "মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে।"
মন্ত্রী আরও জানান, সারাদেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে, এবং ইতোমধ্যেই কৃষক কার্ড চালু করা হয়েছে।
তিনি জানান, মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনাও নেওয়া হয়েছে।