প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রায় সাড়ে ছয় হাজার ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেছেন। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানি প্রদান করা হবে।
পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা পাবেন। প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ রয়েছে, যা থেকে পুরোহিত ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন।
এছাড়া, প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা বিহার অধ্যক্ষ ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন। প্রতি খ্রিস্টান চার্চের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ রয়েছে, যা পালক বা যাজক ৫ হাজার এবং সহকারী পালক বা যাজক ৩ হাজার টাকা পাবেন।
এদিকে, খ্রিস্টান ধর্মের ক্যাথলিক ধারা অনুযায়ী সম্মানি গ্রহণ নিষেধ থাকায় সরকারি ভাতা প্রত্যাখ্যান করেছেন গির্জার যাজকরা। তবে, খ্রিস্টান ধর্মের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।