বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের এমপি ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেন।
হুমায়ুন কবির বলেন, "ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জেলা বিএনপির নির্দেশে মামলা করা হয়।" তিনি আরও জানান, মামলার ফাইলের পর হামজার বিরুদ্ধে সমন জারি করা হয়, কিন্তু তিনি আদালতে হাজির হননি। এর ফলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এর আগে, আমির হামজাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছিল। কিন্তু হাজির না হওয়ায় বিচারক এই আদেশ দেন।
গত ২৬ মার্চ, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। এই বক্তব্যের পর কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আমির হামজা তাকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন, যা পরে মামলার কারণ হয়ে দাঁড়ায়।