জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জ্বালানি সংকটকে দেশের সবচেয়ে বড় জাতীয় সমস্যা বলে দাবি করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই দাবি নাকচ করেছেন।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির আগে জ্বালানি ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যের ফলে অধিবেশন কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।
জামায়াতের আমির সংসদে মুলতবি রেখে আলোচনার প্রস্তাব দিলেও তা নাকচ করে দেন স্পিকার। তিনি সাধারণ আলোচনার প্রস্তাব দেন, যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা আপত্তি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই, সরকার পরিসংখ্যানে এটি প্রমাণ করেছে।" তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে, তবে তা সহনীয় মাত্রায় রাখা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, "অর্থনীতির স্বার্থে এবং জ্বালানি পাচার রোধে সামান্য মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"