মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় আবু ধাবির রুবাইস শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের ড্রোন হামলায় আবু ধাবির রুবাইস শিল্পাঞ্চলের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমিরাত কর্তৃপক্ষ এই অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছে।
আবু ধাবির গণমাধ্যম বিষয়ক কার্যালয় জানিয়েছে, ড্রোন হামলার কারণে রুবাইস শিল্পাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। তবে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গণমাধ্যম কার্যালয় বলেছে, রুয়াইস ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি স্থাপনায় ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন। হামলায় কোনও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানানো হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটির বিভিন্ন এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।
ইরানি হামলা মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে প্রতিদিনই মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্বার্থ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরানি সামরিক বাহিনী।
এই হামলায় কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইনে কয়েকজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছেন।