ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া এলাকায় একটি বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ যাত্রী মারা যান।
তিনি আরও জানান, এই দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশুসহ আহত হন আরও ৩ যাত্রী। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।