ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানিয়েছেন, লেবাননের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি 'সম্পূর্ণ উন্মুক্ত' থাকবে।
তিনি উল্লেখ করেন, এই প্রণালির মাধ্যমে সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
আরাঘচি বলেন, "লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচল সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।"
তিনি আরও জানান, ইরানের বন্দর ও নৌপরিবহন সংস্থার নির্ধারিত সমন্বিত রুট ব্যবহার করেই জাহাজগুলো চলাচল করবে।
যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছিল। তবে, ইরানের এই ঘোষণার পর অস্থির তেলের বাজারে স্বস্তি ফিরে আসবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।