শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে আস্থা নেই: মোহাম্মদ বাঘের ঘালিবাফ

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে আস্থা নেই, জানালেন মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে আস্থা নেই: মোহাম্মদ বাঘের ঘালিবাফ

ইরানের প্রতিনিধি দলটির নেতা এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ইসলামাবাদে পৌঁছানোর পর তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "এই সংলাপের ব্যাপারে আমাদের পূর্ণ সদিচ্ছা আছে, তবে তেমন আস্থা নেই।"

তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যত সংলাপ হয়েছে— প্রতিটিই ব্যর্থতা এবং চুক্তিভঙ্গের মধ্যে দিয়ে শেষ হয়েছে।" ঘালিবাফ উল্লেখ করেন যে, গত এক বছরে দু’বার আলোচনার মাঝপথে ইরানের সদিচ্ছা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং যুদ্ধাপরাধ সংঘটিত করেছে।

ঘালিবাফ বলেন, "যদি যুক্তরাষ্ট্র সত্যিই সংলাপের ব্যাপারে আন্তরিকতা দেখায়— তাহলে ইরানও সমঝোতা চুক্তিতে স্বাক্ষরের জন্য প্রস্তুত।" তিনি আরও জানান, আসন্ন আলোচনায় যুক্তরাষ্ট্র যদি চুক্তি স্বাক্ষর এবং ইরানের জনগণের অধিকার অনুমোদনের জন্য প্রস্তুত থাকে, তাহলে তারা চুক্তিতে আসার জন্য ইরানের প্রস্তুতি দেখতে পাবে।

তবে তিনি সতর্ক করে বলেন, "যদি যুক্তরাষ্ট্র এই সংলাপের আড়ালে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায়, তাহলে ইরান কঠোরভাবে তার জবাব দেবে।" ঘালিবাফ বলেন, "বর্তমানে যে যুদ্ধ চলছে, তাতে ইতোমধ্যে আমরা আমাদের সক্ষমতা দেখিয়েছি।"

অপরদিকে, ওয়াশিংটন থেকে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন জে ডি ভ্যান্স। আজ শনিবার সকালে মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করেছে বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন