যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবার স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরাসরি আলোচনায় বসছে দুই দেশ।
৮ এপ্রিল, বুধবার ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ (ISNA)-এর বরাতে আল জাজিরা জানিয়েছে, আগামী শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ওয়াশিংটনের পক্ষে থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বৈঠকের মূল ভিত্তি হিসেবে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবের বিস্তারিত তথ্যও সামনে এসেছে। এতে কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নয়, বরং গত ৪৫ বছর ধরে ইরানের ওপর বহাল থাকা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
১৯৭৯ সালের পর থেকে বিভিন্ন সময়ে আরোপিত এই দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়াকে আলোচনার অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখছে তেহরান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উভয় প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে এই আলোচনাকে সফল করার আহ্বান জানিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাবকে আলোচনার জন্য একটি ‘কার্যকর ভিত্তি’ হিসেবে গ্রহণ করেছেন।
বিশ্ববাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ইসলামাবাদের এই হাই-প্রোফাইল বৈঠকের দিকে, যা মধ্যপ্রাচ্যের চার দশকের পুরোনো বৈরিতার অবসান ঘটাতে পারে।