বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হোয়াইট হাউসের দাবি, ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ

হোয়াইট হাউস ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করেছে, ভাইস প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

হোয়াইট হাউসের দাবি, ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস ইরানে পারমাণবিক বোমা হামলার সম্ভাবনা নাকচ করেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সামরিক অভিযান নিয়ে বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করা হয়েছে।

হরমুজ প্রণালি খুলে দিতে বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ডোনাল্ড ট্রাম্প একটি বার্তা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত তা-ই হতে চলেছে।’

ট্রাম্পের এই বার্তার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেন, মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর বক্তব্যের পর প্রশ্ন ওঠে, আমেরিকা কি ইরানে পারমাণবিক বোমা ফেলতে যাচ্ছে?

সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টে দাবি করা হয়, ‘ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন—ভ্যান্স এমন ইঙ্গিতই দিয়েছেন।’

এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ‘ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন, তাতে আক্ষরিক অর্থেই এমন কিছুর আভাস নেই।’

বিজ্ঞাপন