ইরান দাবি করেছে যে, তারা একটি মার্কিন বিমানকে ভূপাতিত করেছে যা নিখোঁজ ক্রুর সন্ধানে উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়েছিল। ফার্স নিউজের তথ্যমতে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ইসফাহানে নিখোঁজ কর্মকর্তার সন্ধানে থাকা বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।
আল জাজিরা জানায়, আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া ওঠার ছবি পোস্ট করে বলেছে, ‘বিশাল পরাজয় ঢাকার জন্য ট্রাম্পের মরিয়া চেষ্টা।’
শুক্রবার সকালে মার্কিন এফ-ফিফটিন-ই যুদ্ধবিমান ভূপাতিত করার পরপরই যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা একটি ক্রুকে উদ্ধার করে। এরপর, দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা।
নিখোঁজ মার্কিন ক্রুর সন্ধানে অভিযান চালানোর পাশাপাশি, সন্ধান পেতে ঘোষণা করা হয় পুরস্কার। রোববার জানা যায়, দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে।