যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও ইরানের বৈদেশিক মুদ্রা উপার্জন অব্যাহত রয়েছে। প্রতিদিন গড়ে ১৩ কোটি ৯০ লাখ ডলার আয় করছে দেশটি, যা সম্পূর্ণরূপে তেল থেকে আসছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষক সংস্থাগুলোর সূত্রে এই তথ্য উঠে এসেছে। যুদ্ধের কারণে ইরানের তেল উত্তোলন বাধাগ্রস্ত হয়নি এবং বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে ১০ লাখ ৬০ হাজার ব্যারেল তেল বহির্বিশ্বে রপ্তানি করছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের বিপ্লবী গার্ড হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে। এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায় করায় প্রতিদিন দেশটির আয় হচ্ছে ২০ লাখ ডলার।
যুদ্ধের আগেও ইরান যে পরিমাণ তেল উত্তোলন করত, বর্তমানে সেটির সঙ্গে তুলনীয়। ফলে, আন্তর্জাতিক বাজারে ইরানের তেল রপ্তানির ধারাবাহিকতা বজায় রয়েছে।