যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছে বলে দাবি করেছে ইরান। এই দাবি ইরানের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগে করা হয়েছে।
শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, "আমাদের সামরিক সক্ষমতা আজ এক প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে এবং শত্রুপক্ষ বর্তমানে যুদ্ধের যে চোরাবালিতে আটকা পড়েছে, সেখান থেকে মানসম্মান নিয়ে বাঁচিয়ে পালানোর পথ খুঁজছে।"
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদে যাচ্ছেন। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মাঝে সরাসরি আলোচনার কোনও সম্ভাবনা নেই।
শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আদৌ কোনও আলোচনা হবে কি না, সেটিও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো প্রতিনিধি দল শনিবার ইসলামাবাদে পৌঁছাবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে অবস্থান করছেন, তবে তেহরান বলেছে, তিনি ত্রিদেশীয় আঞ্চলিক সফরের অংশ হিসেবে সেখানে গেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই।