যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে 'প্রজেক্ট ফ্রিডম' নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুই দিন পর তিনি এই অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেন।
ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয়নি, যার ফলে ট্রাম্পকে অভিযানটি স্থগিত করতে বাধ্য হতে হয়।
দুই মার্কিন কর্মকর্তা এনবিসিকে জানান, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান ঘোষণার পর সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো অবাক হয়ে যায়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্প এ বিষয়ে আলোচনা করেন, কিন্তু তারা ঐক্যমতে পৌঁছাতে পারেননি।
একটি সৌদি সূত্র এনবিসিকে জানায়, পাকিস্তান বর্তমানে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, সৌদি সে তৎপরতাকে সমর্থন দিচ্ছে। অর্থাৎ সৌদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়।
হোয়াইট হাউজ দাবি করেছে, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই ট্রাম্প নতুন অভিযান ঘোষণা করেছিলেন। তবে ওমানের এক কর্মকর্তা জানান, তাদের যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানায়নি এবং অভিযান শুরুর পরই তারা সমন্বয় শুরু করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যা আগে সবার জন্য উন্মুক্ত ছিল।