ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দ অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (১১ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই অর্থ ছাড়ের চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের সম্মতি ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টির সঙ্গে এই সিদ্ধান্ত সরাসরি সম্পর্কিত, যা আজকের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।
আরেক ইরানি সূত্রের দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রায় ৬ বিলিয়ন ডলার ইরানি অর্থ ছাড়তে রাজি হয়েছে, যা কাতারে সংরক্ষিত ছিল। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এই অর্থ মূলত ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার পর দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে যায়। পরে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে অর্থ ছাড়ের কথা থাকলেও, একই বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর আবারও তা স্থগিত করা হয়।