৪৬তম বিসিএসে এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।
নির্ধারিত তারিখে যোগদান না করলে তাকে চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়, যেখানে এক হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।