বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
এছাড়া, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকবেন।
নিয়োগের অন্যান্য শর্ত ও আনুষ্ঠানিকতার বিষয়ও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।