দুর্নীতির অভিযোগ উঠার পর সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দুর্নীতির প্রমাণ জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, '১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার মাধ্যমে ২ কোটি ৭৬ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব এবং একজন উপসচিবসহ আরও অনেকে জড়িত। দুদক বলছে প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ।'
তিনি আরও জানান, এই বিষয়ে রাতে বিস্তারিত জানাবেন।
আজ বুধবার, দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য এবং নিয়োগ-পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।
অভিযুক্তদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদও রয়েছেন।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধান শুরু হয়েছে।