ফেনীর দাগনভূঞায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৫টার দিকে আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের এক সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
ফটিক গ্রুপের কর্মীরা ভুয়া স্লোগান দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান, পুলিশ সদস্য জামান, এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে সংঘর্ষের কারণে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, “আমার ও আমার স্ত্রীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।” অপরদিকে, ফটিক বলেন, “আমন্ত্রণ না জানানোয় তারা ক্ষুব্ধ হয়ে স্লোগান দেন এবং আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা হামলা চালান।”
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, সংঘর্ষের সময় তার মোবাইল ভেঙে গেছে এবং তিনি আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ টহল দিচ্ছে।