যুক্তরাষ্ট্রে পাসপোর্টের আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম প্রবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নতুন এই প্রস্তাব অনুযায়ী, কোনো শিশুর পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ সীমিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই প্রশাসন আমেরিকান নাগরিকত্বের মূল্য রক্ষা করবে।’
বর্তমানে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের পাসপোর্টের আবেদন করতে হলে মা-বাবাকে তাঁদের সম্পর্ক নিশ্চিত করতে হয় এবং সরকার-অনুমোদিত ছবিসহ পরিচয়পত্র জমা দিতে হয়। তবে নতুন প্রস্তাবে মা-বাবার নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ জমা দেওয়ার প্রয়োজন হবে।
নতুন নির্দেশনার খসড়ায় বলা হয়েছে, মা-বাবার তথ্য এবং তাঁদের নাগরিকত্বের প্রমাণ (যেমন: বৈধ মার্কিন পাসপোর্ট বা জন্মনিবন্ধন সনদ) জমা দিতে হবে।
এছাড়াও, শিশুর নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা যাচাইয়ের জন্য সরকার এসব তথ্য পরীক্ষা করবে। নতুন এই নির্দেশনার ফলে যেসব শিশুর মা-বাবা বিদেশি সরকারের অধীনে চাকরি করেন বা শত্রুভাবাপন্ন বিদেশি হিসেবে চিহ্নিত, তাদের নাগরিকত্ব দেওয়া বন্ধ হবে।